আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাউনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিদুল হক।
এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম সফি, উপজেলা জামায়াতে ইসলামী আমীর আব্দুস ছালাম সরকার, উপজেলা জাতীয় নাগরিক পার্টির সমন্বয়ক সাইদুল ইসলাম, কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) ব্রজ গোপাল কর্মকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শচীন্দ্রনাথ বর্মন, সাধারণ সম্পাদক কমল কুমার সরকারসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
সভায় জানানো হয়, উপজেলায় মোট ৭২টি পূজামণ্ডপে একযোগে শারদীয় দুর্গোৎসব পালিত হবে। প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং নিরাপত্তা বাহিনী মোতায়েনের ব্যবস্থা করা হবে। এছাড়া পূজার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্যসেবা এবং ফায়ার সার্ভিসকে প্রস্তুত রাখার আশ্বাস দেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা একটি সার্বজনীন উৎসব। এতে সবার অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন। সামাজিক সম্প্রীতি বজায় রেখে উৎসবকে আনন্দমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয়দের সমন্বিত ভূমিকা অপরিহার্য।
সভা শেষে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ প্রশাসনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলকে পূজা নির্বিঘ্ন করতে সহযোগিতা করার আহ্বান জানান।
ইএইচ