পাবনায় হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

সফিক ইসলাম, পাবনা প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৪:০২ পিএম

পাবনায় চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে র‌্যাবের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় ঢাকা জেলার সাভার থানার মধ্য রাজাশন ও উত্তর রাজাশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম, স্কোয়াড কমান্ডার সিনিয়র এডি হালিউজ্জামান এবং র‌্যাব-১২ সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক।

গ্রেপ্তারকৃতরা হলেন— ১ নং আসামি মো. আঙ্গুর মন্ডল (২২) এবং ৩ নং আসামি মো. চন্দন মন্ডল (২৪)। 

তারা দুজনই পাবনা সদর উপজেলার তারাবাড়ীয়া গ্রামের আজিত মন্ডলের ছেলে।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে পাবনা সদর থানার তারাবাড়ীয়া এলাকায় মো. বক্কর মন্ডলকে (৪০) বসতবাড়ির গেইটের সামনে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মৃত বক্কর মন্ডলের ছেলে নুরু মন্ডল বাদী হয়ে মোট ৮ জনকে আসামি এবং আরও ৬–৭ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে পাবনা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। 

গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ইএইচ