ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের সার্বিক উন্নয়নের ভাবনা তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
বৃহস্পতিবার মহেশপুরে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা ব্যক্ত করেন।
ব্যারিস্টার কাজল বলেন, “উন্নয়ন কেবল রাস্তা-ঘাট নয়, মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।”
তিনি জানান, জনগণের আস্থা পেলে মহেশপুর-কোটচাঁদপুরকে একটি আধুনিক ও স্বনির্ভর এলাকায় রূপান্তরিত করবেন।
তার উন্নয়ন পরিকল্পনায় রয়েছে— গ্রামীণ সড়ক, সেতু, কালভার্ট ও ড্রেনেজ আধুনিকায়ন; শিক্ষা খাতে সুযোগ-সুবিধা বৃদ্ধি ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান; কৃষকদের জন্য আধুনিক প্রযুক্তি, সেচ সুবিধা ও পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ; স্বাস্থ্যকেন্দ্র আধুনিকীকরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা; যুবকদের জন্য প্রশিক্ষণ, ক্ষুদ্রঋণ ও কর্মসংস্থান কর্মসূচি; নারী শিক্ষা, কর্মসংস্থান ও ক্ষুদ্র ব্যবসায় সহায়তা; এবং বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধীদের জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ।
ব্যারিস্টার কাজল বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান। তিনি ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
তিনি বলেন, “মহেশপুর-কোটচাঁদপুরকে আগামী প্রজন্মের জন্য একটি মডেল এলাকায় গড়ে তুলতে চাই। এ জন্য সাংবাদিক সমাজসহ সবার সহযোগিতা প্রয়োজন।”
ইএইচ