রামগঞ্জে জবাই করে মা-মেয়েকে হত্যা, ৩০ ভরি স্বর্ণালংকার লুট

লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৫, ০৩:২৯ পিএম

লক্ষ্মীপুরের রামগঞ্জে জুলেখা বেগম (৫৫) ও তার মেয়ে কলেজছাত্রী তানহা আক্তার মীম (১৯) কে বাসায় একা পেয়ে জবাই করে হত্যা করেছে দুর্বত্তরা। 

বৃহস্পতিবার মাগরিব থেকে এশা পর্যন্ত যে কোন সময়ে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মঙ্গল বাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। এসময় ঘরে থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ঘাতকরা।

নিহত জুলেখা রামগঞ্জের সোনাপুর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী, আর মীম তাদের কন্যা। মীম রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, মিজান সোনাপুর বাজারের বড় ব্যবসায়ী। বাড়ির পুরুষরা সবাই বাজারে ছিল। বাড়িতে জুলেখা ও মীম একা থাকায় দুর্বৃত্তরা সুযোগ নিয়ে ঢুকে মা-মেয়েকে জবাই করে হত্যা করে। পরে বাড়িতে থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়। বাজার থেকে পরিবারের সদস্যরা বাড়িতে গিয়ে লাশ বাড়ির মেঝেতে পড়ে থাকতে দেখে। মেঝেতে তাদের রক্ত ছড়িয়ে ছিল। চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।

ফারুক হোসেন নামে এক ব্যক্তি জানান, “মা-মেয়েকে জবাই করে হত্যা করে দুর্বত্তরা পালিয়ে গেছে। ঘটনাটি খুব ভয়াবহ। ওই বাড়িতে বিপুলসংখ্যক পুলিশ ও আশপাশের লোকজন জড়ো হয়েছে।”

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, “একই পরিবারের দুজনকে হত্যার ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে আছি। স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে গেছে ঘাতকরা।”

ইএইচ