মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে খালের পানিতে গোসলে নেমে একসাথে তিন কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
মারা যাওয়া শিশু তিনজনই চাপাতলা গ্রামের বাসিন্দা। তারা হলো: আনারুলের মেয়ে তারিন (৮), সাজ্জাদ হোসেনের মেয়ে সিনথিয়া (৯) এবং মো. তরীকুলের মেয়ে তানহা (৯)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গোসলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় তিন শিশু। পরে তারা চাপাতলা খালে গোসল করতে নামে। খালটিতে পানি ছিল গভীর এবং স্রোতও ছিল প্রবল। এক পর্যায়ে তিনজনই ডুবে যায়।
খালে পাট ধোয়ার কাজে ব্যস্ত কয়েকজন প্রথমে এক শিশুর ডুবে যাওয়ার খবর জানতে পারেন। পরে খোঁজ শুরু হলে পর্যায়ক্রমে তিনজনকেই পানির নিচে পাওয়া যায়। দ্রুত তাদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আসাদুর রহমান শিশু তিনজনকেই মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, শিশুরা সাঁতার জানলেও খালের অতিরিক্ত গভীরতা ও প্রবল স্রোতের কারণে তারা একে একে পানিতে ডুবে যায়।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, “খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা।”
ঘটনাটি এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে। নিহত শিশুদের পরিবারে চলছে শোকের মাতম।
জেএইচআর