নারীদের আত্মনির্ভরশীল ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে মাগুরা সদরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড(বিআরডিবি)-এর উদ্যোগে তিন দিনব্যাপী “আয়বর্ধনমূলক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হচ্ছে। “দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায়”-এর আওতায় আয়োজিত এ প্রশিক্ষণের বিষয় ‘হাঁস-মুরগি পালন’। প্রশিক্ষণটি মাগুরা সদর উপজেলার বিআরডিবি হলরুমে চলছে।
প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. হাসিবুল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা শুধু পারিবারিক অর্থনীতিকেই শক্তিশালী করে না, বরং একটি টেকসই সমাজ গঠনের ভিত্তিও স্থাপন করে। গ্রামীণ অর্থনীতির উন্নয়নে নারীর অংশগ্রহণ অপরিহার্য।”তিনি আরও বলেন, সরকার দরিদ্র ও প্রান্তিক নারীদের জীবিকা উন্নয়নে নানা ধরনের প্রকল্প বাস্তবায়ন করছে। এর ধারাবাহিকতায় বিআরডিবি-র এই প্রশিক্ষণ কার্যক্রম গ্রামীণ নারীদের জন্য এক অনন্য সুযোগ।
প্রশিক্ষণে অংশ নেওয়া নারীরা হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, খাদ্য ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ পাচ্ছেন। এতে অংশগ্রহণকারী নারীরা জানিয়েছেন, প্রশিক্ষণ শেষে তারা নিজ নিজ গ্রামে ক্ষুদ্র খামার গড়ে তুলতে আগ্রহী।
বিআরডিবি কর্মকর্তারা জানান, এই প্রকল্পের মাধ্যমে মাগুরা সদর উপজেলায় ইতোমধ্যে শতাধিক নারীকে বিভিন্ন আয়বর্ধনমূলক কাজে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর ফলে অনেক নারী এখন সংসারের হাল ধরতে সক্ষম হয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. হাসিবুল হাসান বলেন, একজন নারী যখন নিজ পায়ে দাঁড়ায়, তখন তার পরিবার, সমাজ ও দেশ তিন স্তরেই ইতিবাচক পরিবর্তন আসে। আমরা চাই, মাগুরার প্রতিটি নারী যেন আত্মনির্ভরশীল হয়ে দেশের উন্নয়নযাত্রায় অংশীদার হয়।
নারী উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতির টেকসই রূপান্তরের এই ধারায় বিআরডিবি’র উদ্যোগটিকে মাগুরা জেলার একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
জেএইচআর