কুড়িগ্রামে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কুড়িগ্রাম জেলা শহরের কলেজ মোড় এলাকার স্বাধীনতার বিজয়স্তম্ভ চত্বর থেকে পদযাত্রাটি শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এটি শেষ হয় এবং সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ২৪-এর আন্দোলনে জীবন দিয়ে যাওয়া মানুষগুলোর খুনিদের টাকার বিনিময়ে ছাড়িয়ে নিচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা। খুনিদের রক্ষার জন্য তাঁরা ট্রাইব্যুনালে পছন্দের লোক বসিয়েছেন। এছাড়া ব্যাংক, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে মসজিদ কমিটি পর্যন্ত তাঁরা দখলে নিয়েছেন।
তিনি আরও বলেন, আবু সাঈদের রক্তের ওপর দাঁড়িয়ে বাংলাদেশে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চলবে না বলে ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা সেই স্বপ্ন ভঙ্গ করেছেন।
কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব ও সংসদ সদস্য আকতার হোসেন, উত্তরাঞ্চলের সমন্বয়ক সারজিস আলম, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জেএইচআর