নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মীরেরটেকসহ আশপাশের কয়েকটি এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় কয়েকশ বাসিন্দা। তারা দ্রুত পাইপলাইন ও কালভার্ট নির্মাণের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বুধবার (২২ জুলাই) বিকেলে মীরেরটেক, সাদীপুর, ওলামাপাড়া ও বড়বাড়ী এলাকার সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সামান্য বৃষ্টিতেই মীরেরটেক বাজারসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে পথচারী, ব্যবসায়ী, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দাদের নিত্যদিনের চলাচল ও স্বাভাবিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
তারা জানান, বিশেষ করে কলতাপাড়া এবং মীরেরটেক বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পশ্চিম পাশের এলাকায় পানি জমে থাকায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বর্ষা মৌসুমে এ সমস্যা আরও প্রকট হয়ে ওঠে।
বক্তারা বলেন, জলজট ও জলাবদ্ধতা থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে দ্রুত একটি কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা জরুরি। এজন্য সংশ্লিষ্ট এলাকায় একটি উপযুক্ত পাইপলাইন অথবা কালভার্ট নির্মাণের দাবি জানান তারা। একই সঙ্গে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন না হলে ভবিষ্যতে দুর্ভোগ আরও বাড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন।
এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত একটি কালভার্ট বা ড্রেনেজ পাইপলাইন নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।
এ বিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, খুব শিগগিরই স্থানটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এম জি