কোম্পানীগঞ্জে দুই ওষুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০৪:০২ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বসুরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম এবং নোয়াখালী জেলা ড্রাগ সুপার শাহজালাল ভুইয়া।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী, মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদের অভিযোগে বসুরহাট বাজারস্থ নিউ নিত্যানন্দ মেডিকেল হলকে ২০ হাজার টাকা এবং টাউন ফার্মেসিকে একই অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম বলেন, “জনস্বাস্থ্য রক্ষায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বা মজুদ রাখা কোনোভাবেই সহনীয় নয়। আমাদের এই অভিযান ও বাজার তদারকি নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

ইএইচ