সিলেটে হকারমুক্ত সড়ক নিশ্চিতে জেলা প্রশাসনের কঠোর নির্দেশনা

সিলেট প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০৪:২৯ পিএম

সিলেট নগরীর প্রধান সড়ক ও জনবহুল এলাকায় হকারদের দখলদারিত্ব নাগরিক দুর্ভোগের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে দীর্ঘদিন ধরে। এই অনিয়ম ও বিশৃঙ্খলা রোধে এবার কড়াকড়ি নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।

নতুন নির্দেশনা অনুযায়ী, নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে দিন কিংবা রাতযেকোনো সময়েই হকারি বা অস্থায়ী দোকান বসানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল রোববার থেকে এই নির্দেশনা কার্যকর হবে।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, সিলেট-এর আদেশক্রমে স্পষ্টভাবে বলা হয়েছে— বন্দরবাজার, জিন্দাবাজার, লামাবাজার, তালতলা, আম্বরখানা ও চৌহাট্টা সহ নগরীর অন্যান্য জনবহুল ও গুরুত্বপূর্ণ সড়কে কোনো প্রকার হকার বা অস্থায়ী দোকান বসানো যাবে না।

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, এই নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রযোজ্য আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা প্রশাসনের মতে, এই উদ্যোগের মাধ্যমে সিলেট নগরীতে সুষ্ঠু চলাচল, জননিরাপত্তা ও শহরের শৃঙ্খলা নিশ্চিত হবে। নগরবাসীর দুর্ভোগ লাঘব ও পরিচ্ছন্ন পরিবেশ গড়তে প্রশাসনের এই পদক্ষেপে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

এখন দেখার বিষয়, জেলা প্রশাসনের এই উদ্যোগ মাঠপর্যায়ে কতটা বাস্তবায়ন হয় এবং হকারমুক্ত নগরী গড়ার লক্ষ্য কতটা সফল হয়।

জেএইচআর