জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ ৫ দফা দাবিতে ঝিনাইদহ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ঝিনাইদহ জেলা জামায়াতের উদ্যোগে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা আমীর ও ঝিনাইদহ-২ আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আলী আজম মো. আবুবকর।
এছাড়াও উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এএসএম মতিউর রহমান, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রফেসর মতিয়ার রহমান এবং ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো. আবু তালিব।
সমাবেশটি সঞ্চালনায় ছিলেন ঝিনাইদহ জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর ও ঝিনাইদহ পৌর মেয়র প্রার্থী আব্দুল আলীম, জেলা সহকারী সেক্রেটারি কাজী ছগীর আহমেদ, জেলা বাইতুল মাল সম্পাদক তাজুল ইসলাম, জেলা উলামা বিভাগের সভাপতি মুহাদ্দিস রবিউল ইসলাম, সদর উপজেলা আমীর ড. হাবিবুর রহমান, শহর আমীর অ্যাডভোকেট ইসমাইল হোসেন, হরিনাকুণ্ডু উপজেলার আমীর বাবুল হোসেন, কালীগঞ্জ উপজেলা আমীর আব্দুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, জাতীয় সনদ বাস্তবায়ন দেশের জনগণের ন্যায্য দাবি। নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণ করে এ সনদকে আইনি ভিত্তি দিতে হবে। তারা আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা, ইসলাম ও গণতন্ত্র রক্ষায় জামায়াতে ইসলামী সবসময় শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে এবং ভবিষ্যতেও সে ধারাবাহিকতা বজায় রাখবে।
ইএইচ