ভেড়ামারায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ট্রাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা

হেলাল মজুমদার, ভেড়ামারা প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫, ০৬:৩৪ পিএম

“তামাক মুক্ত বাংলাদেশ চাই” স্লোগানকে সামনে রেখে বুধবার সকাল ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসনের সহযোগিতায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ট্রাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার। 

তিনি বলেন, “তামাক উৎপাদন, ক্রয়-বিক্রয় একেবারে বন্ধ করা সম্ভব নয়। তামাক মুক্ত বাংলাদেশ গড়তে হলে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। সমাজের সব শ্রেণীর মানুষকে এগিয়ে এসে তামাককে বয়কট করতে হবে। যে জমিতে তামাক চাষ করা হয়, সেই জমিতে অন্য কোনো ফসল ভালো হয় না। মাটির উর্বর শক্তি কমে যায়। বাংলাদেশে তামাক শিল্প প্রতিষ্ঠানগুলো যে পরিমাণ ভ্যাট প্রদান করে, তার চেয়ে বাংলাদেশ সরকার দ্বিগুণ অর্থ ক্যান্সার চিকিৎসার জন্য দিচ্ছে।”

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এমদাদুল হক বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন, নাসির টোবাকো ইন্ডাস্ট্রিজ লি. এ জি এম এ এফ এস নাসরুল্লাহ খান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা জহির উদ্দিন, সার্ভিস স্টেশন মাস্টার শরিফুল ইসলাম, ভেড়ামারা থানার এস আই সাইদুল ইসলাম, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক প্রমুখ।

সভায় অংশগ্রহণকারীরা তামাক চাষ, বিপণন ও ব্যবহার নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

ইএইচ