কুয়েটে সুইমিং পুলের আনুষ্ঠানিক উদ্বোধন: শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত

মো. নুরুল আমিন, খুলনা প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫, ০৭:০৯ পিএম

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ক্যাম্পাসের সুইমিং পুলটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের নিচতলায় অবস্থিত এই সুইমিং পুলের কার্যক্রম শুরু হয়।

সুইমিং পুলটির আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. এ. এন. এম. মিজানুর রহমান এবং ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। ফিতা কেটে এবং প্রতীকীভাবে পুলটি চালুর মাধ্যমে তারা শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যকর বিনোদনের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র উন্মোচন করেন।

কুয়েটের পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি. এম ইকরামুল হকের সভাপতিত্বে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভঁঞাসহ মানবিক ও ব্যবসায় বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এস এম রবিউল আলম, উপ-পরিচালক (গবেষণা সম্প্রসারণ) প্রফেসর ড. শেখ মো. রবিউল ইসলাম, প্রধান প্রকৌশলী এবি এম মামুনুর রশীদ, কুয়েটের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের পরিচালক প্রকৌশলী ড. মো. জুলফিকার হোসেন এবং অফিসার্স এসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দও উপস্থিত ছিলেন।

ইএইচ