আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নাটোরে জামায়াতের মোটরসাইকেল শোডাউন

আব্দুল মজিদ, নাটোর প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ০৮:০৭ পিএম

আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ঠেকাতে নাটোরে মাঠে নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

এ লক্ষ্যে বুধবার বিকেলে শহরের বড়হরিশপুর জামায়াত কার্যালয় থেকে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন বের করে সংগঠনের নেতাকর্মীরা।

মিছিলের নেতৃত্ব দেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও নাটোর-২ (সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ইউনুস আলী। এতে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, শহর আমীর রাশেদুল ইসলাম, শহর সেক্রেটারি আলী আল মাসুদ মিলনসহ জেলা ও শহর জামায়াতের শতাধিক নেতাকর্মী।

শোডাউনটি বড়হরিশপুর কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্টেশন এলাকা হয়ে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা ও দলের পতাকা হাতে শৃঙ্খলাপূর্ণভাবে অংশ নেন।

নেতৃবৃন্দ বলেন, “দেশব্যাপী রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি ও লকডাউনের নামে নাশকতা ঘটানোর যে ষড়যন্ত্র চলছে, তা রুখে দিতে প্রস্তুত রয়েছে জামায়াতের নেতাকর্মীরা। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় আমরা সর্বদা সতর্ক আছি।”

তারা আরও বলেন, “দেশের মানুষ এখন শান্তিপূর্ণ পরিবর্তন ও গণতান্ত্রিক পরিবেশ চায়। তাই যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে।”

ইএইচ