মহেশপুরে পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়ন নিয়ে মতবিনিময় সভা

সাইফুল ইসলাম, মহেশপুর (ঝিনাইদহ) প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ০২:০২ পিএম

ঝিনাইদহের মহেশপুর পৌরসভার টেকসই নগরায়ণ ও পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় পৌরসভা সম্মেলন কক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।

সভায় পৌরসভার নির্বাহী প্রকৌশলী সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা।

এ সময় পরামর্শক প্রতিষ্ঠান ডাটা এসপার্টো (DATA ESPERTO) ও GPZD-এর প্রতিনিধিরা মাস্টার প্ল্যান প্রণয়নের প্রাথমিক ধারণা উপস্থাপন করেন এবং প্রকল্পের লক্ষ্য, প্রয়োজনীয়তা ও সম্ভাব্য সুফল সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন।

সভায় উপস্থিত নাগরিকরা স্থানীয় সমস্যা, জলাবদ্ধতা, সড়ক অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা, বাজার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করেন এবং বাস্তবভিত্তিক সমাধানের প্রস্তাব দেন।

সভায় বক্তারা বলেন, “মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলে পৌরসভার উন্নয়ন হবে পরিকল্পিত, পরিবেশবান্ধব ও নাগরিকবান্ধব। এতে নাগরিক সুবিধা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি মহেশপুর রূপ নেবে একটি আধুনিক ও বাসযোগ্য নগরীতে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বলেন, “এটি মহেশপুরের জন্য সময়োপযোগী ও দূরদর্শী একটি উদ্যোগ। টেকসই নগর ব্যবস্থাপনায় জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।”

ইএইচ