মাগুরায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ভবন নির্মাণ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর আবারও হুমকির মুখে পড়েছেন দৈনিক আমার সংবাদের মাগুরা জেলা প্রতিনিধি সাংবাদিক মিরাজ আহমেদ।
শনিবার মাগুরা সদর থানায় তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি নং ৯৮১) করেছেন।
অভিযোগ অনুযায়ী, শিক্ষা প্রকৌশল দপ্তরের বেশ কয়েকটি নির্মাণকাজ নিয়ে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের পর ১৩ নভেম্বর থেকে অজ্ঞাত ব্যক্তিরা তার মোবাইলে ফোন করে সংবাদ মুছে ফেলার চাপ, না মুছলে জীবননাশ ও পরিবারের ওপর হামলার হুমকি দিচ্ছে।
সাংবাদিক মিরাজ আহমেদ বলেন, আমি কোনও রাজনৈতিক দলের কর্মী নই। সাংবাদিকতা আমার পেশা, সত্য প্রকাশ করা আমার দায়িত্ব। কিন্তু অনিয়ম নিয়ে সংবাদ করলেই যেভাবে হুমকি আসে এটা একজন সাংবাদিকের জন্য শুধু অপমানজনক নয়, পেশাটির নিরাপত্তার জন্যও ভয়াবহ।
তিনি আরও বলেন, বিগত সরকারের আমলেও আমাকে একাধিকবার হামলা করা হয়েছে, মিথ্যা মামলায় জড়িয়ে জেলে পাঠানো হয়েছে। তারপরও সত্য প্রকাশের কাজ থামাইনি, থামাবও না ইনশাল্লাহ।
জিডিটি গ্রহণ করেন ডিউটি অফিসার মোছা. শিউলি খাতুন। বিষয়টি তদন্ত করছেন এসআই (নিরস্ত্র) মো. কামরুল ইসলাম।
মাগুরা সদর থানার (ওসি) মো. আইয়ুব আলী বলেন, সাংবাদিকের নিরাপত্তাকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। হুমকিদাতাদের শনাক্তে প্রযুক্তিগত ও গোয়েন্দা তথ্য ব্যবহার করা হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।
মাগুরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ বলেন, মিরাজ মাগুরায় অনুসন্ধানী সাংবাদিকতার শক্ত ভিত্তি তৈরি করেছেন। এর আগে সাইবার ট্রাইবুনাল সহ একাধিক মিথ্যা মামলা থাকে দেয়া হয়েছে।
শ্রীপুর উপজেলার প্রেস ক্লাবের সহ সভাপতি আশরাফ পল্টু বলেন, সাংবাদিক মিরাজ আহমেদের ওপর যেকোনো হুমকি মানেই গণমাধ্যমের ওপর আঘাত। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ মনিটরিং প্রয়োজন।
জেএইচআর