রাঙামাটি ২৯৯ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেছেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি বিএনপি কোন রাজনৈতিক দলকে চ্যালেঞ্জ মনে করছে না। নির্বাচনে অনেক রাজনৈতিক দল থাকতে পারে, সেটা সময় কথা বলবে।”
বুধবার দুপুরে পর্যটন হলিডে কমপ্লেক্সে অনুষ্ঠিত রাঙামাটি জেলা বিএনপির আয়োজনে ২৯৯ রাঙামাটি আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সাথে দলটির অঙ্গ সংগঠনের মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি পার্বত্য চট্টগ্রামসহ পুরো দেশের উন্নয়নে কাজ করবে।” এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের নির্বাচনী প্রচারণায় সহযোগিতা করার জন্যও অনুরোধ জানান।
এ সময় জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনসহ দলটির অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইএইচ