ঝিনাইদহের মহেশপুরে পাওনা টাকা দাবি করাকে কেন্দ্র করে ৬২ বছরের বৃদ্ধ মো. মুস্তাক সর্দারকে জবাই করার চেষ্টার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার সকালে খালিশপুর এলাকা থেকে মারুফদহগামী সড়কে একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখে স্থানীয়রা অনুসন্ধান শুরু করেন। পরে পাশের একটি কলাবাগান থেকে গুরুতর আহত অবস্থায় মুস্তাককে উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, কানাইডাঙ্গা গ্রামের মো. বাবলু পাওনা ভাটার টাকা চাওয়ার জেরে মুস্তাককে কৌশলে ডেকে নিয়ে পথিমধ্যে চাকু ও বড় রামদা দিয়ে হত্যা করার চেষ্টা করে। স্থানীয়রা ধাওয়া করে বাবলুকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত বাবলুকে আটক করেছি। ভিকটিমের জবানবন্দি ও উদ্ধারকৃত অস্ত্রের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।"
ইএইচ