কুমিল্লার তিতাস উপজেলায় নিয়ন্ত্রণ হারানো একটি ট্রলি উল্টে নদীতে পড়ে একই পরিবারের তিন নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কড়িকান্দি-রাজাপুর সড়কের তিতাস নদীর ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চর রাজাপুর এলাকার শুক্কুর আলীর স্ত্রী রিনা আক্তার (৩৫), ইমন মিয়ার স্ত্রী রুজিনা আক্তার (৩০) এবং ফারুক মিয়ার স্ত্রী সামছুন নাহার (৪০)। রুজিনা ও সামছুন নাহার আপন জা, আর রিনা তাদের ভাগিনার স্ত্রী।
তিতাস থানার ওসি খালেদ সাইফুল্লা জানান, দুপুরে তিন নারী তিতাস নদীতে গোসল করছিলেন। এসময় রাজাপুর থেকে কড়িকান্দি বাজারমুখী একটি খালি ট্রলি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ইমন মিয়ার বাড়ির সামনে এসে নদীতে পড়ে তাদের ওপর চাপা দেয়। ঘটনাস্থলেই রিনা ও রুজিনা মারা যান। গুরুতর আহত সামছুন নাহারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
জেএইচআর