ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশে ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৬:১৪ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ‘ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’। 

রোববার সকালে ঈশ্বরগঞ্জ বড় খেলার মাঠে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ সূচনা করেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

ঈশ্বরগঞ্জের ক্রীড়াপ্রেমী যুবসমাজের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক ও ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইসহাক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি।

প্রধান অতিথির বক্তব্যে লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, “যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ঈশ্বরগঞ্জের মাঠগুলোতে আবারও খেলাধুলার প্রাণচাঞ্চল্য ফিরে আসছে, এটি অত্যন্ত আশাব্যঞ্জক। এই ধরনের আয়োজন তরুণদের মধ্যে শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সভাপতির বক্তব্যে মো. ইসহাক বলেন, ঈশ্বরগঞ্জের যুবসমাজকে একটি সুস্থ বিনোদন ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম দিতেই আমাদের এই উদ্যোগ। সকলের সহযোগিতায় টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক ও বিপুলসংখ্যক ক্রিকেটপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। টুর্নামেন্টকে কেন্দ্র করে ঈশ্বরগঞ্জের খেলার মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ইএইচ