ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোরে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে জেলার চারটি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নিজ নিজ এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠে নামেন।
প্রথম দিনের প্রচারণায় প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে অসম্পন্ন উন্নয়ন কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করেন।
নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সদর উপজেলার ছাতনী ইউনিয়নের দিয়ারপাড়া বাজারে নির্বাচনী সমাবেশের মাধ্যমে প্রচারণা শুরু করেন। দীর্ঘদিন পর নির্বাচনী মঞ্চে ফিরে তিনি নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে উৎসাহিত হয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় তিনি সংসদ সদস্য ও মন্ত্রী থাকাকালীন এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। যেসব কাজ এখনো অসম্পন্ন রয়েছে সেগুলো ধানের শীষের বিজয় নিশ্চিত হলে সম্পন্ন করার আশ্বাস দেন তিনি।
জামায়াতে ইসলামীর কর্মসূচি একই আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ইউনুস আলী শহরের কানাইখালী এলাকার মসজিদ মার্কেটের সামনে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে প্রচারণা শুরু করেন। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি বলেন সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়তে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। তিনি জনগণের নৈতিক ও সুশাসনভিত্তিক রাজনীতির পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
নাটোর-১ আসনের প্রচারণা নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন প্রচারণার প্রথম দিনে প্রয়াত বিএনপি নেতা ফজলুর রহমান পটলের কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচি শুরু করেন। পরে তিনি ঈশ্বরদী ইউনিয়নের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন এবং ভোটারদের সমর্থন কামনা করেন।
প্রথম দিনের প্রচারণায় বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নির্বাচন যত এগিয়ে আসছে নাটোরের রাজনৈতিক অঙ্গন ততই সরগরম হয়ে উঠছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জেএইচআর