নাটোর-২ আসনে দাঁড়িপাল্লার বিজয় ঠেকাতে কোনো ষড়যন্ত্র সফল হবে না: অধ্যাপক ইউনুস আলী

আব্দুল মজিদ, নাটোর প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৩:১০ পিএম

নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের ১১ দলীয় সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী বলেছেন, দাঁড়িপাল্লার গণজোয়ার দেখে একটি পক্ষ সব সময় ভয়ভীতি দেখিয়ে ভোটের পরিবেশ নষ্ট করতে চায়। কিন্তু দেশের জনগণ এ ভয়ভীতি কখনো মেনে নেবে না। কোনো ষড়যন্ত্রই এবার দাঁড়িপাল্লার বিজয়কে ঠেকাতে পারবে না। 

তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি রুখতে ন্যায় ও ইনসাফের পক্ষে দাঁড়িয়ে দাঁড়িপাল্লায় ভোট দিন।

বৃহস্পতিবার সকালে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া উত্তরা গণভবনের সামনে থেকে নির্বাচনী প্রচারণা শুরু করে ইউনিয়নের বিভিন্ন গ্রাম, ওয়ার্ড ও বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা এবং পথসভায় এসব কথা বলেন তিনি।

অধ্যাপক ইউনুস আলী বলেন, আমরা সারাজীবন ভুল জায়গায় বিশ্বাস করে ভোট দিয়েছি। সবাই কথা দিয়েছে, কিন্তু কেউ কথা রাখেনি। আল্লাহ যদি সুযোগ দেন, তাহলে আপনাদের কোনো সমস্যার জন্য আমার পেছনে ঘুরতে হবে না। আমি নিজেই ঘুরে ঘুরে দেখব, কোথায় কী কাজ দরকার এবং আপনাদের বলার আগেই তা বাস্তবায়নের চেষ্টা করব।

নির্বাচনী প্রচারণায় তার সঙ্গে ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, নাটোর সদর থানা আমীর মাওলানা মীর নুরুন্নবী ও শহর সেক্রেটারি আলি আল মাসুদ মিলনসহ স্থানীয় নেতাকর্মীরা। 

এ সময় নেতারা বলেন, জনগণের ভোটের মাধ্যমেই একটি সৎ ও জনকল্যাণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব।

ইএইচ