রংপুরে তারেক রহমানের জনসভা জনসমুদ্রে রূপ দেওয়ার প্রস্তুতি

শরিফুল ইসলাম, রংপুর প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৪:২২ পিএম

তারেক রহমানের রংপুর আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন করে প্রস্তুতির বিষয়ে জানিয়েছে বিএনপি। একই সাথে এ জনসভাকে জনসমুদ্রে পরিণত করার আশা ব্যক্ত করেছেন দলটির নেতারা।

বৃহস্পতিবার দুপুর ১২টায় রংপুর চেম্বার ভবনে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু সংবাদ সম্মেলনে বলেন, দীর্ঘ ২০ বছর পর রংপুরের মাটিতে তারেক রহমান আসছেন। রংপুর বিভাগের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে ভোটার এবং সাধারণ জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ আমরা লক্ষ্য করছি। 

এ জনসভা রংপুরের উন্নয়নের জন্য একটি বার্তা বহন করে নিয়ে আসবে। যদিও হাতে অল্প সময়, তারপরেও এ জনসভা জনসমুদ্রে পরিণত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রংপুর-৩ আসনের বিএনপি প্রার্থী সামসুজ্জামান সামু, রংপুর-৬ আসনের সাইফুল ইসলাম, রংপুর-৪ আসনের এমদাদুল হক ভরসা, রংপুর-২ আসনের মোহাম্মদ আলী সরকার, রংপুর-১ আসনের মোকারম হোসেন এবং রংপুর-৫ আসনের প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী।

দীর্ঘ ২০ বছর পরে নির্বাচনী প্রচারণায় শুক্রবার (৩০ জানুয়ারি) রংপুরে আসছেন তারেক রহমান। এদিন বিকেল পৌনে ৪টায় তিনি রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন।

এরপর বিকেল সাড়ে ৪টায় রংপুরে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। বিএনপির চেয়ারম্যানের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

কর্মসূচি অনুযায়ী, শুক্রবার বিকেল ৩টা ৪৫ মিনিটে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়ায় জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। সেখান থেকে ফিরে তিনি রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। 

ওইদিন রাতে বগুড়ায় রাতযাপন করে পরদিন ৩১ জানুয়ারি সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে জনসভায় অংশ নেবেন তিনি।

ইএইচ