আসন্ন নির্বাচনকে ঘিরে মাগুরা শহরে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। সদর উপজেলার ২ নম্বর ওয়ার্ডের ইসলামবাগ সড়কের একটি মেহগনি বাগান থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে ইসলামবাগ রোডে শামীম শেখের বাড়ির বিপরীতে মেহগনি বাগানে লাল কস্টেপে মোড়ানো একটি ককটেল সদৃশ বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়রা। বিষয়টি নজরে আসামাত্র ৯৯৯ নম্বরে ফোন দেওয়া হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী মো. সাগর মোল্লা বলেন, ‘আমি মাত্র ৫টা ৩ মিনিটের দিকে বস্তুটি দেখতে পাই। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় সাথে সাথে ৯৯৯-এ ফোন করি। পরে মাগুরা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে।’
খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল ঘিরে ফেলে এবং বস্তুটি উদ্ধার করে। মাগুরা সদর থানার এসআই কামরুজ্জামান জানান, উদ্ধার করা বস্তুটি ককটেলের সাদৃশ্যপূর্ণ এবং সেটি লাল কস্টেপে মোড়ানো ছিল। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।
এ বিষয়ে মাগুরার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। উদ্ধার হওয়া বস্তুটি পরীক্ষা-নিরীক্ষার জন্য নেওয়া হয়েছে। কারা, কী উদ্দেশ্যে এটি সেখানে রেখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জনগণকে আতঙ্কিত না হয়ে যেকোনো সন্দেহজনক তথ্য সাথে সাথে পুলিশকে জানানোর অনুরোধ জানাচ্ছি।’
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে ওই এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। নির্বাচনের আগে এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিলেও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
ইএইচ