চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, সিরাপ ও গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৫:৩৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও ৭টি গরু জব্দ করেছে বিজিবি। 

রোববার রাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত ৫৩ বিজিবির সদস্যরা এ অভিযান চালান।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ৫৩ বিজিবির বিশেষ টহল দল পৃথক তিনটি অভিযান পরিচালনা করে। এর মধ্যে জেলার শিবগঞ্জ উপজেলার মনোহরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দুর্লভপুর ইউনিয়নের গোপালপুর গ্রাম থেকে ৩৫ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়। 

এ ছাড়া সদর উপজেলার চরবাগডাঙ্গা বিওপির রানীনগর গ্রাম থেকে দুটি গরু এবং বাখেরআলী বিওপির নারায়নপুর ইউনিয়নের মুন্নাপাড়া গ্রামের পদ্মা নদীর চর থেকে পাঁচটি গরু জব্দ করা হয়।

জব্দ করা ভারতীয় সিরাপ ও গরুর আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ টাকা। এস্কাফ সিরাপ শিবগঞ্জ থানায় এবং গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষাসহ যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

ইএইচ