আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা মঙ্গলবার শেষ হয়েছে। শেষ দিনে বরিশালের ২১টি আসনেই প্রার্থীরা বিশাল গণমিছিল ও সমাবেশের মাধ্যমে নিজেদের শক্তির জানান দিয়েছেন। বিশেষ করে বরিশাল সদর আসনে দিনভর চলেছে জমজমাট প্রচারণা।
বরিশাল-৫ (সদর) আসনে বিএনপির মজিবর রহমান সরোয়ারের বিশাল গণমিছিল নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। সমাবেশে সরোয়ার নেতাকর্মীদের ভোটকেন্দ্রে সতর্ক পাহারায় থাকার আহ্বান জানান। তবে এ আসনে ইসলামী আন্দোলনের মুফতী ফয়জুল করীম (হাতপাখা) এবং বাসদের ডা. মনীষা চক্রবর্তীও শক্ত অবস্থানে রয়েছেন।
বরিশাল বিভাগের ২১টি আসনেই বিএনপির অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছেন। তবে অনেক আসনে বিএনপির সামনে হাতপাখা ও দাঁড়িপাল্লার (জামায়াত) প্রার্থীরা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন। বিশেষ করে সদর আসনে আওয়ামী লীগের ভোটাররা কার পক্ষে যাবেন, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
সেনাবাহিনীর পক্ষ থেকে বরিশাল ক্যাম্প কমান্ডার মেজর সৈকত আশ্বস্ত করেছেন যে, তারা কোনো দলের পক্ষে নয়, বরং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। ভোটাররা যাতে নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
এক নজরে বরিশালের ৬টি আসনের সমীকরণ:
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া): বিএনপির জহির উদ্দীন স্বপনের প্রধান বাধা দলের বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান। বিশেষ করে সংখ্যালঘু ভোটারদের মাঝে সোবাহানের ব্যাপক জনপ্রিয়তা স্বপনের জয়ের পথে চ্যালেঞ্জ হতে পারে।
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া): এ আসনে বিএনপির এস সরফুদ্দীন আহম্মেদ সান্টু ও জামায়াতের আব্দুল মান্নানের মধ্যে মূল লড়াইয়ের সম্ভাবনা। বিএনপির একাংশ জামায়াত প্রার্থীর পক্ষে মাঠে নামায় হিসাব জটিল হয়েছে।
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী): এখানে বিএনপির অ্যাডভোকেট জয়নুল আবেদীন, জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু এবং এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদের মধ্যে ত্রিমুখী লড়াই হতে পারে। জামায়াত এখানে এবি পার্টির প্রার্থীকে সমর্থন দিয়েছে।
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ): বিএনপির রাজিব আহসানের সাথে জামায়াতের আব্দুল জব্বারের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। দলীয় মনোনয়ন নিয়ে বিএনপির মধ্যে কিছুটা অভ্যন্তরীণ অসন্তোষ এখনো বিদ্যমান।
বরিশাল-৫ (সদর ও মহানগর): মজিবর রহমান সরোয়ার ও মুফতী ফয়জুল করীমের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। জামায়াতের সমর্থন হাতপাখার দিকে যাওয়ায় ধানের শীষের প্রার্থীকে বেশ বেগ পেতে হতে পারে।
বরিশাল-৬ (বাকেরগঞ্জ): বিএনপির আবুল হোসেন খান, ইসলামী আন্দোলনের ফয়জুল করীম এবং জামায়াতের মাহমুদুন্নবীর মধ্যে তুমুল লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এখানে জাতীয় পার্টির ভোট ব্যাংক একটি বড় ফ্যাক্টর হবে।
জেএইচআর