ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নিরঙ্কুশ বিজয় উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুলতান হোসেন লিখনের ব্যক্তিগত উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার জুমার নামাজ শেষে গোয়ালন্দ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলম চৌধুরী পাড়ায় অবস্থিত আল মদিনা জামে মসজিদে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদল ও বিএনপির স্থানীয় নেতাকর্মীসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশ নেন।
দোয়া মাহফিলে সুলতান হোসেন লিখনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. হাকিম মন্ডল। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ফকির সফিকুজ্জামান পিন্টু এবং বিএনপি নেতা সাইফুজ্জামান সান্টুসহ মসজিদ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এবং দলের চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হন। বিজয়ের পর দলীয় নেতাকর্মীদের আনন্দ মিছিল না করে দোয়া ও মোনাজাত করার নির্দেশনা দেন তারেক রহমান।
সুলতান হোসেন লিখন জানান, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকারের প্রতিকূলতা পার করে জুলাই আন্দোলনের মাধ্যমে দেশে নতুন স্বাধীনতা এসেছে। দলীয় চেয়ারম্যানের নির্দেশে বিজয় উৎসবের পরিবর্তে সারাদেশে এই দোয়া কর্মসূচি পালন করা হচ্ছে। ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে।
জেএইচআর