খুলনার ডুমুরিয়া থেকে অপহৃত দেড় বছর বয়সী শিশু মিহিরকে ঝালকাঠির রাজাপুর উপজেলার একটি ঝোপ থেকে উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাতে রাজাপুর সদর ইউনিয়নের পশ্চিম আঙ্গারিয়া এলাকার রাস্তার পাশে কান্নারত অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা।
খবর পেয়ে রাজাপুর থানা-পুলিশ শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে শিশুটির বাবা মো. মাহাবুব মোল্লা থানায় এসে তাকে শনাক্ত করেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালে ডুমুরিয়া থেকে শিশুটিকে অপহরণ করে মুক্তিপণ দাবি ও হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ডুমুরিয়া থানায় একটি অপহরণ মামলা করে শিশুটির পরিবার। তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ অভিযুক্তের অবস্থান শনাক্ত করলে অপহরণকারী শিশুটিকে জঙ্গলে ফেলে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
পরিবারের অভিযোগ, শিশুটির বাবার আত্মীয় ও পাতানো দুলাভাই তোতা মিয়া বেড়াতে গিয়ে শিশুটিকে দোকানে নেওয়ার কথা বলে নিয়ে যান। পরে তিনি ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন এবং পুলিশকে জানালে হত্যার হুমকি দেন। অভিযুক্ত তোতা মিয়া রাজাপুর উপজেলার পুটিয়াখালি গ্রামের মৃত মনসুর সরদারের ছেলে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
জেএইচআর