চুরি হওয়া গরু উদ্ধার করতে গিয়ে মালিকসহ ১২ জনকে কুপিয়ে জখম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৫:৫১ পিএম

জামালপুরের সরিষাবাড়ী সীমান্তবর্তী এলাকায় চুরি হওয়া গরু উদ্ধার করতে গিয়ে চোরচক্রের অতর্কিত হামলায় মালিকসহ অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন। 

বুধবার সকালে মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের চর ডাকাতিয়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সরিষাবাড়ী উপজেলার মনসুরনগর ইউনিয়নের ছিন্না গ্রামের সাবেক মেম্বার আনোয়ার হোসেনের গোয়ালঘর থেকে দুটি গরু চুরি হয়। অনেক খোঁজাখুঁজির পর একটি গরু ফসলি মাঠে পাওয়া গেলেও অন্যটির সন্ধান মেলে মাদারগঞ্জ উপজেলার ডাকাতিয়া গ্রামের আব্দুল খালেকের বাড়িতে।

বুধবার সকালে আনোয়ার হোসেন স্থানীয়দের সাথে নিয়ে আব্দুল খালেকের বাড়িতে গরু উদ্ধার করতে যান। অভিযোগ রয়েছে, তাঁরা বাড়িতে প্রবেশ করা মাত্রই চোরচক্রের সদস্যরা প্রধান ফটক বন্ধ করে দেয়। এরপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এলোপাতাড়ি কোপ ও পিটুনিতে আনোয়ার হোসেনসহ ১২ জন রক্তাক্ত জখম হন।

আহতদের মধ্যে রয়েছেন সাবেক মেম্বার আনোয়ার হোসেন (৫০), জুলফিকার (১৯), রনি মিয়া (৪৪), শিপন মিয়া (৪২), লিটন মিয়া (৩৫), জুয়েল মিয়া (৩৬), সজীব মিয়া (২৩), হৃদয় (১৬), রাকিব মিয়া (২৮), রুবেল মিয়া (৩২), আঃ ছালাম ফকির (৪৭) ও শফিকুল ফকির (৪৮)।

পরিস্থিতি বেগতিক দেখে আদারভিটা ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন। তাঁরা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন এবং উদ্ধারকৃত গরুসহ তাঁদের নিরাপদে নিজ গ্রামে পৌঁছে দেন। গ্রামবাসীর এমন সাহসিকতায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলে ভুক্তভোগীরা জানান।

আহত আনোয়ার হোসেন আবেগাপ্লুত হয়ে বলেন, গরুটি আমি রোজাদারদের ইফতার করানোর জন্য মানত করেছিলাম। আগামী শুক্রবার এটি জবাই করার কথা ছিল। চুরির পর এলাকাবাসী আমাদের জীবন ও গরু দুই-ই বাঁচিয়েছেন, আমি তাঁদের কাছে কৃতজ্ঞ বলে তিনি জানান।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত আছেন। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ জমা দেওয়া হয়নি। অভিযোগ পেলে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

জেএইচআর