সৃষ্টিলগ্ন থেকে কোনো ডাকবাংলো ছিল না বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরে। উপজেলাবাসীর দীর্ঘদিনের সেই প্রত্যাশা অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির উদ্যোগে ৩ কোটি টাকা ব্যয়ে শিবগঞ্জে নির্মিত হতে যাচ্ছে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন ডাকবাংলো।
শুক্রবার দুপুর ১২টায় উপজেলা শিশু পার্ক চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আধুনিক ডাকবাংলো নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রতিমন্ত্রী বলেন, শিবগঞ্জসহ সারাদেশের সার্বিক উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। উপজেলায় আধুনিক ডাকবাংলো নির্মিত হলে সরকারি কর্মকর্তা, অতিথি ও বিভিন্ন পর্যায়ের আগতদের জন্য উন্নত আবাসন সুবিধা নিশ্চিত হবে। এটি প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে তিনি উল্লেখ করেন।
দীর্ঘদিন ধরে শিবগঞ্জে একটি মানসম্মত ডাকবাংলোর দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। প্রতিমন্ত্রীর এই উদ্যোগের ফলে সেই দাবি পূরণ হওয়ায় স্থানীয়দের মাঝে আনন্দের বন্যা বইছে। এটি শিবগঞ্জের উন্নয়ন অভিযাত্রায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পৌঁছালে গ্রামার স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা তাঁকে উষ্ণ সংবর্ধনা প্রদান করে। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেএইচআর