ফেনীতে বন্যার আগাম সতর্কবার্তা সম্পর্কিত সম্যক ধারণা, প্রশাসনের সক্ষমতা বৃদ্ধি ও পূর্ব প্রস্তুতি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বন্যার পূর্বাভাস ব্যবস্থাকে আরও উন্নত করতে স্থাপিত ডিজিটাল ডিসপ্লে বোর্ডের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মনিরা হক।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাহবুব আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিশ্ব আবহাওয়া সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও পানিবৈজ্ঞানিক উপদেষ্টা মো. সাজ্জাদ হোসেন।
তিনি বলেন, ডিজিটাল ড্যাশবোর্ড সিস্টেম বন্যার আগাম সতর্কসংকেত প্রদান করবে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে দ্রুত বার্তা পাঠাবে।
এতে স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি পাবে এবং দুর্যোগের আগে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সহায়তা করবে বলে সংশ্লিষ্টরা জানান।
এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার সৌভিক রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরিন কান্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. মাসুদ হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসরিন আক্তার, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহমদসহ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ২০২৪ সালের স্মরণকালের ভয়াবহ বন্যার অভিজ্ঞতা তুলে ধরেন এবং ভবিষ্যতে ক্ষতি কমাতে কীভাবে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে আলোচনা করেন।
এএন