মাদারীপুরের রাজৈরে ১০৬ জন খুচরা সার বিক্রেতার আইডি কার্ড ও ট্রেড লাইসেন্স বহালের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ মিছিল এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজৈর উপজেলা পরিষদ চত্বরে ইউএনও কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন ভুক্তভোগী বিক্রেতারা।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে খুচরা সার বিক্রেতারা তাঁদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত তা বহালের দাবি জানান। এ সময় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রাজৈর উপজেলা শাখার সভাপতি রসরাজ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজল কর্মকার, নুরুল ইসলাম ও সার ডিলার নিরান রায়সহ আরও অনেকে।
সমাবেশ শেষে সার বিক্রেতারা একটি প্রতিবাদ মিছিল নিয়ে রাজৈরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলটি উপজেলা কৃষি অফিসের সামনে গিয়েও বিক্ষোভ প্রদর্শন করে। পরবর্তীতে তাঁরা রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুল হকের কাছে তাঁদের দাবি সংবলিত একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন।
জেএইচআর