রাজশাহীতে সরকারি যাকাত ফান্ড থেকে নির্বাচিত ২০০ জন দরিদ্র মানুষের মাঝে চেক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সমাজের বিত্তবানদের সরকারি যাকাত ফান্ডে যাকাত দিতে উদ্বুদ্ধ করতে একটি সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, “যাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান। এটি ধনী ও দরিদ্রের মধ্যে সহমর্মিতা ও সৌহার্দ্য গড়ে তোলে। যাকাতের সঠিক বণ্টনের মাধ্যমে দরিদ্র মানুষের মৌলিক প্রয়োজন মেটানো এবং সমাজে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব।” তিনি দেশের সামর্থ্যবান ব্যক্তিদের সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানের জন্য বিশেষ আহ্বান জানান।
রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহাম্মদ ইমামুল ইসলাম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. নিজাম উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী, অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তারসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেমিনার শেষে উপস্থিত সুধীজনদের নিয়ে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং নির্বাচিত উপকারভোগীদের হাতে যাকাতের চেক তুলে দেওয়া হয়।
জেএইচআর