গাইবান্ধার সাদুল্লাপুরে দীর্ঘ প্রায় ১৮ মাস পর প্রকাশ্যে কর্মসূচি পালন করতে দেখা গেল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শনিবার (৭ মার্চ) সকালে সাদুল্লাপুর সরকারি কলেজ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান দেন। বেশ কিছুক্ষণ সেখানে অবস্থান করে তারা সংক্ষিপ্ত আলোচনা করেন এবং পরে শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করেন।
উল্লেখ্য, প্রায় সাড়ে ১৫ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস হিসেবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হতো। কিন্তু দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার ঐতিহাসিক ৭ মার্চসহ আটটি জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্ত নেয়।
এ ছাড়া গত বছরের মে মাসে আওয়ামী লীগের সব ধরনের সাংগঠনিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এরপর থেকে দলটির অধিকাংশ নেতাকর্মী হয় আত্মগোপনে রয়েছেন, নয়তো বিভিন্ন মামলায় কারাবন্দি। ফলে দীর্ঘ সময় ধরে দলীয় কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুককেন্দ্রিক প্রচারণাতেই সীমাবদ্ধ থাকে।
তবে চলতি বছরের ৭ মার্চ উপলক্ষে সারা দেশে বড় ধরনের কোনো কর্মসূচি চোখে না পড়লেও সাদুল্লাপুর সরকারি কলেজে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্যে এই কর্মসূচি স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এএন