বেতন ও বোনাসের দাবিতে টানা এক সপ্তাহের কর্মবিরতি ও আন্দোলন প্রত্যাহার করে কাজে ফিরেছেন বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) পরিচ্ছন্নতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকেলে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সঙ্গে এক শান্তিপূর্ণ বৈঠকে দাবিদাওয়া আংশিক মেনে নেওয়ার আশ্বাস পেয়ে তারা এই সিদ্ধান্ত নেন। এতে করে দীর্ঘ এক সপ্তাহের চরম ভোগান্তি থেকে মুক্তি পেলেন নগরবাসী।
আন্দোলনরত পরিচ্ছন্নতা শাখার কর্মচারীরা জানান, গত বছর ৩০ দিনের বেতন ও বোনাস পেলেও এ বছর তা দেওয়া হচ্ছিল না। এ দাবিতে তারা টানা কয়েকদিন টাউন হলের সামনে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেন। ফলে নগরীর রাস্তাঘাট ময়লার ভাগাড়ে পরিণত হয় এবং দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে।
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী জানান, ডেইলি মজুরি ভিত্তিক কর্মচারীরা স্থায়ী কর্মীদের মতো সুযোগ-সুবিধা দাবি করছিল, যা সরকারি পরিপত্রের বাইরে। তবুও মানবিক দিক বিবেচনা করে প্রশাসক মহোদয় ১৪০০ শ্রমিকের প্রত্যেককে ১০০০ টাকা করে ইফতার ভাতা দিয়েছেন। এরপরও পূর্ণাঙ্গ বোনাসের দাবিতে আন্দোলন জোরালো হয়।
বিভাগীয় কমিশনার ও ভারপ্রাপ্ত প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, সরকারের নিয়ম অনুযায়ী আমাদের চলতে হয়। নিয়মের বাইরে কিছু দেওয়া সম্ভব নয়। তবে আজকের বৈঠকে ২ হাজার টাকা বোনাসসহ অন্যান্য দাবি পর্যায়ক্রমে বিবেচনা করার আশ্বাস দেওয়ায় শ্রমিকরা কাজে ফিরতে রাজি হয়েছেন।
বিকেলের ওই সফল বৈঠকের পর শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করে নিলে নগরীর বর্জ্য অপসারণ কাজ পুনরায় শুরু হয়। এতে করে শহরের জনস্বাস্থ্য ও চলাচলের স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
জেএইচআর