সাভারে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ আটক ২

আলী রেজা রাজু, আশুলিয়া (ঢাকা) প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ১১:৫১ এএম

ঢাকার সাভারে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকাসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 

শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সাভারের বক্তারপুর ও বেদে পল্লী এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন- সাভারের মাঝিপাড়া এলাকার মহেশ রাজবংশীর ছেলে বিকাশ রাজবংশী (২২) এবং বেদে পল্লী এলাকার মাদক সরবরাহকারী সাব্বির (২৫)।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে সাভার আর্মি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল বক্তারপুর এলাকায় অভিযান চালায়। এসময় বিকাশ রাজবংশীকে হেরোইন সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে তিনি বেদে পল্লীর সাব্বিরের কাছ থেকে মাদক সংগ্রহের কথা স্বীকার করেন।

এই তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে বেদে পল্লী এলাকায় দ্বিতীয় দফা অভিযান পরিচালনা করে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সাব্বিরকে আটক করা হয়। পরে সাব্বিরের কাছ থেকে প্রায় ২০০ পিস ইয়াবা, ২৪ প্যাকেট হেরোইন, ১০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৫৯ হাজার ৯৪০ টাকা জব্দ করা হয়।

স্থানীয়রা জানান, সাভারের বেদে পল্লী এলাকাটি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। সেখানে মাদকের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত কাজ করে যাচ্ছে।

আটককৃত দুই ব্যক্তি এবং জব্দকৃত আলামত পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক ও সন্ত্রাস দমনে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেএইচআর