বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নার্সের ভুল ইনজেকশনের ফলে দুই নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার তদন্তের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। অভিযুক্ত নার্সদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
রোববার সকালে হাসপাতালের চতুর্থ তলার নাক-কান-গলা বিভাগে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, ৭ নং বেডের রোগী সেফালী (৬০) এবং ১০ নং বেডের হেলেনা (৪৫)।
সেফালী পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডারুগঞ্জ গ্রামের মান্নানের স্ত্রী। হেলেনা বরিশালের কাশিপুর বিমানবন্দর থানা এলাকার মৃত্য বাবু হাওলাদের স্ত্রী।
নিহতের স্বজন ও ভর্তি থাকা অন্যান্য রোগীরা জানান, সেফালী গালে টিউমার জাতীয় সিস্টের এবং হেলেনা থাইরয়েডের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রোববার তাদের অপারেশন হওয়ার কথা ছিল।
সকালে ওই ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স মলিনা রানী হাওলাদার ভুলক্রমে দুই রোগীর শরীরে নরকিউ (১০ সম) এনেস্থেসিয়া ইনজেকশন প্রদান করেন। মাত্র ২ থেকে ৫ মিনিটের মধ্যে দুই রোগীর মৃত্যু হয়। স্বজনরা জানিয়েছেন, ইনজেকশন দেওয়ার আগে দুজনেই স্বাভাবিকভাবে সুস্থ ছিলেন।
ঘটনার পর দোষীদের শাস্তির দাবি করেছেন রোগীর স্বজনরা। অভিযুক্ত নার্স মলিনা রানী হাওলাদার স্বীকার করেছেন, "কিভাবে হলো তা বলতে পারছি না, আমার ভুল হয়েছে।" একই কথা বলেছেন নার্স হেলেনাও।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর জানান, "দুই রোগীর অপারেশন হওয়ার কথা ছিল। অপারেশন থিয়েটারে নেওয়ার আগে কিছু ঔষধ ব্যবহার করতে হয়। কিন্তু তারা এনেস্থেসিয়া ইনজেকশন আগে প্রদান করেছে। এটি তাদের কাজে গাফিলতির ফল। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এছাড়া মৃতদের স্বজনদের আইনগত সহযোগিতা প্রদান করা হবে।"
ঘটনার তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে ওই বিভাগের সহকারী অধ্যাপক ডা. আমিনুল হককে।
এএন