জ্বালানি তেল সরবরাহে অনিয়ম রোধ ও স্বচ্ছতা নিশ্চিত করতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার একটি ফিলিং স্টেশনে আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাতুল ইসলাম।
রোববার সন্ধ্যার দিকে উপজেলার হিমালয় ফিলিং স্টেশনে গিয়ে তিনি তেলের রিজার্ভ এবং বিক্রয় সংক্রান্ত রেজিস্টার সরেজমিনে যাচাই করেন। পরবর্তীতে নিজ ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) ও ট্যাগ অফিসার উপস্থিত ছিলেন। এ সময় স্টেশন মালিক ও ব্যবস্থাপককে সরকারের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।
ইউএনও তার পোস্টে উল্লেখ করেন, জ্বালানি তেল সরবরাহে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলায় জ্বালানি সংকট ও সরবরাহে অনিয়মের অভিযোগ ওঠার পর প্রশাসনের এমন তৎপরতায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। সচেতন মহল মনে করছে, জ্বালানি সরবরাহে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের এ ধরনের নজরদারি কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখবে।
এএন