বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নি নির্বাপণে আহতদের সম্মাননা জানালেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর।
বুধবার হাসপাতালের কনফারেন্স রুমে বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার, ওয়ার্ড মাস্টার ও আনসার সদস্যসহ ১১ জনকে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বেলা ১১টায় হাসপাতালের পরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন বলেন, ইতঃপূর্বে হাসপাতালে অনেকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রতিটি অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের সদস্যরাসহ স্থানীয় স্টাফরা অনেক কাজ করে থাকেন।
তিনি উল্লেখ করেন, কখনই এভাবে কাউকে সম্মাননা প্রদান করা হয়নি। বর্তমান পরিচালক স্যারের এই উদ্যোগটি সবাইকে ভালো কাজে উৎসাহিত করবে। তিনি আরো বলেন, হাসপাতালের স্টাফদের অগ্নি নির্বাপণে করণীয় সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে পরিচালক স্যার ফায়ার সার্ভিস বিভাগকে অবহিত করেছেন।
অচিরেই এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান। হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মাহমুদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপপরিচালক ডা. একেএম নজমুল আহসান। অনুষ্ঠানের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর বলেন, যে ভালো কাজ করেন, তাকে সম্মাননা প্রদান করা উচিত।
এতে ওই মানুষটি ভালো কাজের প্রতি আরো উৎসাহিত হবেন বলে তিনি মন্তব্য করেন। হাসপাতালে ভালো কাজের জন্য সম্মাননা প্রদানের বিষয়টি এখন থেকে চালু করা হয়েছে। তিনি বলেন, গত ১৭ মার্চ রাতে অগ্নিকাণ্ডের সময় কাজ করতে গিয়ে হাসপাতালের স্টাফসহ আনসার সদস্যরা আহত হয়েছিল।
তাই তাদের প্রতি এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন। এছাড়া ওয়ার্ড মাস্টার জুয়েল চন্দ্র শীল, লিফ্ট অপারেটর ছায়েদ মিয়া ও আনসার সদস্য রাকেশ সরকার সম্মাননা গ্রহণ করেন।
সম্মাননা প্রাপ্ত অন্যদের মধ্যে রয়েছেন আনসার সদস্য আল আমিন গাজি, মো. রাকিবুল, রুবেল দে, মো. রাজিব, কিশোর অধিকারী, মো. নাজমুল ও সম্রাট ভক্ত। উল্লেখ্য, গত ১৭ মার্চ রাতে হাসপাতালের ওপিডি (বহির্বিভাগ) ভবনের ৫ম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ সময় মেডিসিন ইউনিটে চিকিৎসাধীন রোগীদের নিরাপত্তা দিতে ফায়ার সার্ভিস, আনসার সদস্য ও হাসপাতালের স্টাফরা তাদের দ্রুত অন্য ওয়ার্ডে সরিয়ে নেন। উদ্ধারকাজের সময় আগুনের ধোঁয়ায় ৮ আনসার সদস্যসহ ওয়ার্ড মাস্টার ও লিফ্ট ম্যান আহত হন। তাদের সাহসিকতাকে সম্মান জানাতেই এই আয়োজন।
জেএইচআর