কয়রায় নদীর চাপে দুর্বল স্লুইস গেট, বাড়ছে ধসের আশঙ্কা

তারিক লিটু, কয়রা (খুলনা) প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০২:০১ পিএম

খুলনার কয়রা উপজেলায় কাশির খালের মুখে অবস্থিত ৬ নম্বর কয়রা স্লুইস গেট ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। কয়রা সদর ও উত্তর বেদকাশী ইউনিয়নের সীমানায় থাকা গুরুত্বপূর্ণ এই অবকাঠামো বর্তমানে অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

সরেজমিনে দেখা গেছে, স্লুইস গেটের পূর্ব পাশ ঘেঁষে শাকবাড়িয়া নদীর পানি জোয়ার-ভাটার সময় গেটের বাইরের অংশ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে গেটের মূল কাঠামো ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় এটি ধসে পড়তে পারে।

এলাকাবাসী জানান, এর আগে কয়েক দফা সংস্কার কাজ করা হলেও তা ছিল সাময়িক। মেরামতের কিছুদিন পরই আবার আগের মতো পানি চলাচল শুরু হয়। ফলে সমস্যার স্থায়ী সমাধান হয়নি; বরং সময়ের সঙ্গে ঝুঁকি বেড়েছে।

এদিকে স্লুইস গেটের ওপর দিয়ে চলাচলকারী সড়কটিও ধসের মুখে পড়েছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে পথচারী ও যানবাহন চলাচল করছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লুৎফর রহমান বলেন, “বিষয়টি আমার জানা আছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হবে।”

এ পরিস্থিতিতে এলাকাবাসী দ্রুত ও টেকসই সংস্কার কাজের দাবি জানিয়েছেন। তাদের মতে, পরিকল্পিত ও স্থায়ী সমাধান ছাড়া এই ঝুঁকি থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়।

এএন