নারায়ণগঞ্জের আড়াইহাজারে চায়ের দোকানে ছাত্রদল ও যুবলীগ নেতার মধ্যে বাকবিতণ্ডার জেরে সংঘর্ষে ছাত্রদলের নেতা সহ ৩ জন আহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে এগারোটায় আড়াইহাজার পৌরসভার নোয়াপাড়া ব্রাক অফিস সংলগ্ন মুনতলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানাগেছে, রবিবার সকাল সাড়ে এগারোটার দিকে মুনতলায় কবিরের চায়ের দোকানে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আড়াইহাজার পৌরসভার ২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মজিবুরের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে যুবলীগ নেতা মজিবুরের ভাই শাহজাহান, সোহরাব, নজরুলসহ আরও ৮–১০ জন ধারালো অস্ত্র সজ্জিত হয়ে ছাত্রদল নেতা আরিফ, তার চাচা হানিফা ও কামাল হোসেনকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।
পরে তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে আরিফের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বাকিরা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।
এই বিষয়ে আহত হানিফার ভাই ও ছাত্রদল নেতা কামাল হোসেন বাদী হয়ে রবিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কামাল হোসেন জানান, যুবলীগ নেতা মজিবুর এবং তার লোকজন আমার ভাই হানিফা ও ভাতিজা আরিফসহ আমাকে পিটিয়ে এবং কুপিয়ে জখম করেছে। পরে তারা আমাদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুরও করেছে।
আড়াইহাজার থানার ওসি মোঃ আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়া গেছে এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এএন