গাজীপুর সিটি কর্পোরেশনের ইছরকান্দী এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
রোববার এই অভিযানে নেতৃত্ব দেন টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক।
অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেট সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবৈধভাবে মাটি কাটার সত্যতা পান। কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কেটে নেওয়ার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী এক ব্যক্তিকে ৩ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক বলেন, কৃষিজমি দেশের খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবৈধভাবে মাটি কেটে জমির উর্বরতা নষ্ট করা হলে তা পরিবেশ ও কৃষি উভয়ের জন্য মারাত্মক ক্ষতিকর। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা কৃষিজমি রক্ষায় নিয়মিত তদারকি ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
জেএইচআর