হড়গ্রাম ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৫:২৫ পিএম

রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

রোববার দুপুরে পরিদর্শনকালে তিনি কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন।

রাসিক প্রশাসক এদিন কাঠালবাড়িয়া মোড় হতে হাইটেক পার্ক হয়ে আইবাঁধ সংলগ্ন মিনি স্টেডিয়াম পর্যন্ত সড়ক, ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজ এবং গুলজারবাগ লেকের উন্নয়ন কাজ ঘুরে দেখেন। এরপর তিনি হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভার ও হড়গ্রাম গোরস্থানের সংস্কার কাজ পরিদর্শন করেন। গোরস্থানে থাকা অতিরিক্ত মাটি দ্রুত অপসারণের জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, নাগরিক সেবা সুনিশ্চিত করতে ৩০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। আশা করছি হড়গ্রাম ফ্লাইওভারের নির্মাণ কাজ দ্রুত শেষ করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া সম্ভব হবে।

তিনি আরও জানান, নগরীর ৩০টি ওয়ার্ডে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে এবং মশক নিধনে নতুন সরঞ্জাম ক্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিদর্শনকালে রাসিক প্রশাসক হড়গ্রাম গোরস্থানে শায়িত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুল ইসলামের কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগসহ প্রকৌশল বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেএইচআর