তীব্র গরমে পুড়ছে দক্ষিণাঞ্চল, লোডশেডিংয়ে ক্লান্ত জনজীবন

আরিফ হোসেন, বরিশাল প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৫:০১ পিএম

তীব্র তাপপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিংয়ের যন্ত্রণা। প্রচণ্ড দাবদাহ আর ভ্যাপসা গরমে বরিশাল নগরীসহ গোটা দক্ষিণাঞ্চলের জনজীবন ওষ্ঠাগত হয়ে পড়েছে। বিশেষ করে বরিশাল অঞ্চলের পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ২৫ লাখ গ্রাহক জাতীয় গ্রিড থেকে চাহিদামতো বিদ্যুৎ না পাওয়ার অভিযোগ তুলেছেন।

বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার (২৪ এপ্রিল) জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা বৃহস্পতিবারের (৩৪.৫ ডিগ্রি) চেয়ে বেশি। আবহাওয়া পর্যবেক্ষক আব্দুল কুদ্দুস জানান, বৃষ্টি না হলে তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তবে কিছু স্থানে কালবৈশাখী ঝড়ের আভাস থাকায় বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বিদ্যুতের লুকোচুরিতে কলকারখানা থেকে শুরু করে মাঠের ফসল উৎপাদন পর্যন্ত সবকিছু স্থবির হয়ে পড়েছে। শহর এলাকায় দিনে ৫ থেকে ৭ ঘণ্টা এবং গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টারও বেশি সময় লোডশেডিং হচ্ছে। জ্বালানি সংকটে বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। রাতের বেলা দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে।

তীব্র গরমে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার ফসলের মাঠ ফেটে চৌচির হয়ে যাচ্ছে। সেচ কাজে বিঘ্ন ঘটায় কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। অন্যদিকে, খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ ও দিনমজুরদের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। এই অসহনীয় গরমে কিছুটা স্বস্তি পেতে রাস্তার ধারের শরবতের দোকানগুলোতে ভিড় করছেন সাধারণ মানুষ।

জেএইচআর