কৃষি উৎপাদন বাড়াতে শিবগঞ্জে এক কিলোমিটার খাল পুনঃখনন শুরু

মোহাম্মদ আলী, বগুড়া প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৫:১৪ পিএম

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বুড়িগঞ্জ ও কিচকে দুটি পৃথক স্থানে খাল খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

শনিবার দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এই পুনঃখনন কাজের উদ্বোধন করেন।

উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের চিৎলার খালের ৫০০ মিটার এবং কিচক ইউনিয়নের ছাতিয়ানপাড়া ব্রিজ থেকে ছাতিয়ানতলা সাকোর বিল পর্যন্ত খাঁড়িয়া খালের ৫০০ মিটারসহ মোট এক কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন করা হয়। শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে দেশে খাল খনন ও পানি ব্যবস্থাপনার যে বৈপ্লবিক কার্যক্রম শুরু হয়েছিল, আজ তা বাস্তবায়ন ও সম্প্রসারণ করছেন তারই সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। 

তিনি আরও বলেন, গ্রামীণ জনপদের জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা বৃদ্ধি এবং কৃষি উৎপাদন বাড়াতে এই খাল পুনঃখনন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব এবং যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান। 

এছাড়াও কিচক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফসার আলী, কিচক ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মো. রাব্বিন হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেএইচআর