গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর ও বাসন থানা পুলিশ পৃথক তিনটি অভিযানে ছয়জন মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, একটি মোটরসাইকেল এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
গত ২৫ এপ্রিল ২০২৬ তারিখে মধ্যরাতে বাসন থানার এসআই (নিঃ) মো. আল আমিনের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তেলিপাড়া এলাকায় অভিযান চালায়। বাড়িয়ালী পূর্বপাড়া এলাকার একটি পাকা রাস্তার ওপর থেকে ৬০০ পিস ইয়াবাসহ মো. কাইয়ুম হোসেন (২৯) ও মো. মিজানুর রহমান সবুজ (২৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ১৫৫ সিসির সুজুকি জিক্সার এসএফ (সুজুকি জিক্সার এসএফ) মোটরসাইকেল এবং দুইটি স্মার্টফোন জব্দ করে পুলিশ।
একই দিনে সদর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অন্য একটি অভিযানে আরও তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে ১২৫ পিস ইয়াবা, আধা কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪,৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।
এছাড়া গত ২৪ এপ্রিল বিকেলে সদর থানার পুলিশের আরেকটি আভিযানিক দল লক্ষ্মীপুরা তিন সড়ক এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তল্লাশিকালে তার কাছ থেকে একটি ধারালো দেশীয় কুড়াল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত সকল আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং জননিরাপত্তা রক্ষায় পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
এএন