মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মিরাজ আহমেদ, মাগুরা প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৮:১৩ এএম
ফাইল ছবি

“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে মাগুরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিচার বিভাগ, প্রশাসন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে আদালত প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান। প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি গুরুত্ববহ হয়ে ওঠে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, মাগুরার বিচারক এম. জাহিদ হাসান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম এবং জেলা লিগ্যাল এইড অফিসার হেলাল উদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম-সেবা) এবং সিভিল সার্জন ডা. মো. শামীম কবিরসহ অন্যান্য কর্মকর্তারা।

আলোচনা সভায় বক্তারা বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য সরকারি খরচে আইনগত সহায়তা নিশ্চিত করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ ধরনের কর্মসূচি সাধারণ মানুষকে তাদের আইনি অধিকার সম্পর্কে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তারা আরও বলেন, আইনগত সহায়তা কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দের দিকনির্দেশনা ও সক্রিয় অংশগ্রহণ কর্মসূচিকে আরও তাৎপর্যমণ্ডিত করে তোলে।

এএন