বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) মাঠ পর্যায়ে চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় রাজশাহীতে বিএমডিএ’র প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিএমডিএ’র নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান। ভিডিও কনফারেন্সে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার রিজিয়ন ও জোনের সংশ্লিষ্ট কর্মকর্তারা যুক্ত ছিলেন।
সভায় বিএমডিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল কাসেম, সচিব মো. মেহেদী হাসান এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নাজিরুল ইসলাম, এটিএম মাহফুজুর রহমান, মো. জিন্নুরাইন খান, মো. আব্দুল লতিফ ও মো. শিবির আহমেদ অংশগ্রহণ করেন।
সমন্বয় সভায় মাঠ পর্যায়ে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর বর্তমান অগ্রগতি, মাঠ পর্যায়ের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন অঞ্চলের কর্মকর্তারা নিজ নিজ এলাকার কাজের চিত্র তুলে ধরেন এবং বাস্তবায়নের পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো কর্তৃপক্ষের সামনে উপস্থাপন করেন।
সভাপতির বক্তব্যে নির্বাহী পরিচালক মাঠ পর্যায়ের সমস্যাগুলো গুরুত্বসহকারে শোনেন এবং সেগুলো দ্রুত সমাধানের জন্য কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। একই সঙ্গে তিনি চলমান উন্নয়ন কার্যক্রমের গতি বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সকল কাজ সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
জেএইচআর