পোরশায় ফিলিং স্টেশনে ২০ হাজার টাকা জরিমানা

ইসমাইল হোসেন, পোরশা (নওগাঁ) প্রকাশিত: মে ১, ২০২৬, ০৮:২৮ পিএম

নওগাঁর পোরশায় তেলের ওজনে কারচুপি করার অপরাধে সারাইগাছী মোড়ের ‘নাহার ফিলিং স্টেশন’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

শুক্রবার সরেজমিনে ওই ফিলিং স্টেশনে তেলের পরিমাপ পরীক্ষা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

অভিযানকালে উপস্থিত জনগণের সামনে ডিজেল পরিমাপ করা হলে দেখা যায়, প্রতি ৫ লিটারে প্রায় ১১০ গ্রাম ডিজেল কম দেওয়া হচ্ছে। টাকার হিসেবে যা প্রায় ১২.৫০ টাকা। অর্থাৎ প্রতি লিটার ডিজেল ক্রয়ে ক্রেতাকে অতিরিক্ত আড়াই টাকা বেশি গুনতে হচ্ছিল।

পরিমাপে কারচুপির অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম। জরিমানা আদায়ের পাশাপাশি তাৎক্ষণিকভাবে তেলের পরিমাপ সঠিক করে পুনরায় বিক্রয় কার্যক্রম চালুর নির্দেশ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের মনিটরিং কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে ভবিষ্যতে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি সংশ্লিষ্টদের সতর্ক করেন। জাতীয় সংকটের এই সময়ে প্রতারণা না করে ব্যবসায়ীদের সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান তিনি।

জেএইচআর