সাতসকালে ভয়াবহ দুর্ঘটনায় সড়কে ঝরল ৮ প্রাণ

সিলেট ব্যুরো প্রকাশিত: মে ৩, ২০২৬, ১০:২৬ এএম

সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন।

রোববার ভোরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের চারজনের নাম–পরিচয় জানা গেছে। ‌ তাঁরা হলেন– সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মো. সুরুজ আলী (৬০), একই উপজেলার সেতটি গ্রামের মোছা. মুন্নি (৩৫), দিরাই উপজেলার নুরনগর এলাকার মো. ফরিদুল (৩৫) ও সিলেটের জালালাবাদ থানার লালারগাঁও এলাকার মো. বদরুল (৩০)।

তাছাড়া বাকিদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। আহতদের উদ্ধারের কাজ চলছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রাথমিক তথ্যে জানা গেছে, কাঁঠালবাহী একটি ট্রাকের সঙ্গে নির্মাণশ্রমিক বহনকারী একটি পিকআপের সংঘর্ষ হলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। সংঘর্ষটি ছিল এতটাই তীব্র যে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির জানান, রোববার সকাল ৬টার দিকে সিলেট থেকে একটি ডিআই পিকআপে করে বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক লালাবাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে দক্ষিণ সুরমার তেতলী বাজার এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কাঠালবোঝাই একটি ট্রাকের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন শ্রমিকের মৃত্যু হয় এবং গুরুতর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও চারজনকে মৃত ঘোষণা করা হয়।

তিনি জানান, এ ঘটনায় আরও কয়েকজন শ্রমিক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। দুর্ঘটনার পর থেকেই পিকআপ ও ট্রাকউভয় চালক পলাতক রয়েছেন। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
 
এএন